আজ বিকেলে জাতীয় সংসদের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হতে পারে। প্রশ্নোত্তর পর্ব থেকে শুরু করে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবসহ দেশের গুরুত্বপূর্ণ জনসেবা, অবকাঠামো ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে।
রোববার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় জাতীয় সংসদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।
কার্যসূচি অনুযায়ী, দিনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এ পর্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগ-সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে।
এরপর বিধি-৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি এবং গৃহীত নোটিশগুলোর ওপর আলোচনা হবে।
এ আলোচনায় কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল আলম ‘তিস্তা মহাপরিকল্পনা প্রণয়ন’ বিষয়ে পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।
এ ছাড়া মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে পর্যটকদের সুবিধার্থে একটি ছোট বেসামরিক বিমানবন্দর স্থাপনের বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।
অন্যদিকে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী কৃষকদের জন্য বিনা সুদে ঋণ প্রদান এবং সুলভ মূল্যে সার, বীজ, কীটনাশক ও কৃষিযন্ত্র সরবরাহের বিষয়ে কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।
এ ছাড়া বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়েও আলোচনা অনুষ্ঠিত হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন