অ্যামোনিয়ার ঘাটতির কারণে বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানার উৎপাদন কার্যক্রম। শনিবার (১৮ এপ্রিল) রাত থেকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত কারখানাটিতে উৎপাদন পুরোপুরি স্থবির হয়ে পড়ে। অ্যামোনিয়ার মজুদ শেষ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন কারখানার প্রশাসন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা আলমগীর জলিল।
এর আগে জ্বালানি সংকটের কারণে বন্ধ হয়ে যায় রাষ্ট্রীয় মালিকানাধীন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং বহুজাতিক প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)। গত ৪ মার্চ থেকে এই দুই কারখানায় ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ থাকায় ডিএপি কারখানার কাঁচামাল সরবরাহও থমকে যায়।
প্রতিষ্ঠার পর থেকেই ডিএপি কারখানাটি অ্যামোনিয়ার জন্য সিইউএফএল ও কাফকোর ওপর নির্ভরশীল ছিল। ওই দুটি উৎস বন্ধ হয়ে যাওয়ায় শুরুতে মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে উৎপাদন কিছুদিন চালু রাখা সম্ভব হলেও শেষ পর্যন্ত মজুদ ফুরিয়ে গেলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) পরিচালিত এই কারখানায় প্রতিদিন প্রায় ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিকভাবে উৎপাদন চালিয়ে আসছে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, মার্চের শুরু থেকেই অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে এতদিন উৎপাদন চালু রাখা হলেও এখন আর তা সম্ভব হচ্ছে না। নতুন করে অ্যামোনিয়া সরবরাহ শুরু না হলে কারখানার উৎপাদন পুনরায় চালু করা যাবে না।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন