কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রটি থেকে প্রায় ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, যা দেশজুড়ে লোডশেডিংয়ের শঙ্কা বাড়িয়ে তুলছে।
পিডিবি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে আদানি পাওয়ারের একটি ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দেয়। এর ফলে ইউনিটটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ত্রুটি মেরামত করে পুনরায় উৎপাদনে ফিরতে অন্তত ৩ থেকে ৫ দিন সময় লাগতে পারে।
গত কয়েক দিন ধরে আদানি পাওয়ার থেকে গড়ে প্রায় ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর বর্তমানে উৎপাদন কমে ৭৫০ থেকে ৭৭০ মেগাওয়াটে নেমে এসেছে।
ভারতে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশ মোট ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে। কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয় ২০২৩ সালের মার্চে এবং দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয় একই বছরের জুনে।

