দীর্ঘ ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান। চ্যানেল ওয়ানের এই প্রত্যাবর্তনের মুহূর্তে শুভকামনা ও অভিনন্দন জানিয়েছে দেশের জনপ্রিয় দৈনিক রূপালী বাংলাদেশ পরিবার।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে আবারও সম্প্রচার কার্যক্রম শুরু করে চ্যানেল ওয়ান।
চ্যানেলটির পুনর্যাত্রায় শুভকামনা জানিয়ে রূপালী বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক, মো সায়েম ফারুকী বলেন, দীর্ঘ ১৬ বছর পর চ্যানেল ওয়ানের পুনর্যাত্রা, এটি অবশ্যই আনন্দের খবর। আমরা আশা করব, চ্যানেল ওয়ান বস্তুনিষ্ট খবর দিয়ে আবারও মানুষের মাঝে আস্থা তৈরি করবে। চ্যানেল ওয়ানের এই পুনর্যাত্রায় রূপালী বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা ও অভিনন্দন জানায়।
এর আগে রোববার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন বলেন, ২০০৬ সালের ২৪ জানুয়ারি তথ্য বিনোদনের বিচিত্র সমাহার নিয়ে আত্মপ্রকাশ করে চ্যানেল ওয়ান। শুরু থেকেই দর্শকের চাহিদা বিবেচনার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণ এবং রুচির বিষয়টি মাথায় রেখেছি। ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের প্রধান কাজ। আমরা শুরু থেকেই সেই নীতিতে অটল ছিলাম। যে কারণে ওই সময় চ্যানেল ওয়ানকে অনেক মন্ত্রীর বিরাগভাজন হতে হয়েছিল।
উল্লেখ্য, সম্প্রচার শুরুর চার বছরের মাথায় ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার সংবাদ শুরুর ঠিক আগ মুহূর্তে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।
দীর্ঘ ১৬ বছর পর গত ২৪ ফেব্রুয়ারি চ্যানেল ওয়ানের সম্প্রচারে বাধা নেই বলে রায় দেন আদালত। আগে চ্যানেলটি মিশ্রধর্মী বিনোদন ও সংবাদভিত্তিক থাকলেও এবার পুরোপুরি সংবাদভিত্তিক চ্যানেল হিসেবে পরিচালিত হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন