ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের গেজেট আজ (বৃহস্পতিবার) প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেও কেউ আবেদন না করায় এবং শূন্য পদের বিপরীতে সমানসংখ্যক প্রার্থী থাকায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
ইসি সূত্র জানায়, বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময় নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় আইন অনুযায়ী ৪৯ জন বৈধ প্রার্থীকে নির্বাচিত হিসেবে ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান জানান, প্রার্থীদের তালিকা কমিশনে উপস্থাপনের পর আজই গেজেট প্রকাশ করা হবে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে ক্ষমতাসীন বিএনপি জোটের ৩৬ জন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থী রয়েছেন।
গেজেট প্রকাশের পর তা সংসদ সচিবালয়ে পাঠানো হবে এবং পরবর্তীতে নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
বিএনপি জোটের মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তারসহ আরও অনেকে।
এ ছাড়া ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা নির্বাচিত হয়েছেন। বিএনপির সঙ্গে থাকা স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন জুঁইও বৈধ প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে জামায়াত জোটের প্রার্থীদের মধ্যে রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ, সামসুন নাহার, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান, মাহবুবা হাকিম ও রোকেয়া বেগম।
ইসি জানিয়েছে, গেজেট প্রকাশের পরপরই পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন