ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শাপলা চত্বর হত্যাকাণ্ড

শুধু ঢাকায় ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৮:১২ পিএম
মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ও পুলিশের অবস্থান। ছবি- সংগৃহীত

শেখ হাসিনার আমলে রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত এখন প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন এখন পর্যন্ত শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে ।

রোববার (৩ মে) সকালে নিজ কার্যালয়ে তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

চিফ প্রসিকিউটর জানান, তদন্তে সেই অভিযানে ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তদন্ত শেষ পর্যায়ে থাকায় প্রকৃত মৃত্যুর সংখ্যা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ, নারী নীতির বিরোধিতা এবং ১৩ দফা দাবি তুলে ১৩ বছর আগে ঢাকার শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি দিয়ে আলোচনায় আসে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। 

২০১৩ সালের ৫ মে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়ে হেফাজতে ইসলামের ওই কর্মসূচিকে কেন্দ্র করে। রাতে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ, র‍্যাব ও বিজিবির অভিযানে এলাকা খালি করা হয়।