‘মব ইজ আ রিঅ্যাকশন অব দ্য পিপল’ বা মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার (৪ মে) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলের সঙ্গে বৈঠক করেন আসাদুজ্জামান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘মব ইজ নট সিস্টেমেটিক অর ওয়াইডস্প্রেড। মব ইজ আ রিঅ্যাকশন অব দ্য পিপল (মব জনগণের প্রতিক্রিয়া)। এবং সেটা যদি অর্ডিনারি ক্রাইমের মধ্যে পড়ে, সেটা অর্ডিনারি আইন অনুসারে দেখা হবে। আপনি যদি সেই বিচার করতে যান অনেক বিষয় চলে আসবে এর পেছনে। তাহলে যেকোনো স্বাধীনতাসংগ্রাম, যেকোনো গণ–অভ্যুত্থান, যেকোনো বিপ্লবকে আপনার অসম্মান করা হবে।’
সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বাজেট অধিবেশনে না উঠলে পরের অধিবেশনে উঠবে। ১৭ মে মানবাধিকার কমিশন আইন ও গুম সংক্রান্ত আইন এই দুটির কনসালটেশন মিটিং ডাকা হয়েছে। পর্যায়ক্রমিকভাবে সময়মতো এগুলো সামনে আনা হবে।
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘ওটাও আমরা বিবেচনার মধ্যে রাখছি।’ ‘আপনারা কী চাচ্ছেন? কালকেই পাস করে দিই?’ এমন প্রশ্ন রাখে তিনি।
আইনমন্ত্রী এমন প্রশ্ন রাখায় তাকে আরেকটি প্রশ্ন করেন সাংবাদিক। সেই প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, বলেন, ‘সরকার বলতে এই অর্থে আইন মন্ত্রণালয়কে বোঝায়। আইনমন্ত্রী হিসেবে এ ধরনের কোনো বক্তব্য আমরা বলি নাই। সুতরাং অন্য কে কী বলল, সেটা আমার কাছে কগনিজেবল না।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন