আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার ব্যবস্থা স্বাধীন ও কার্যকর করতে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি আরও জানিয়েছেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে আন্তরিক।
শুক্রবার (৮ মে) সকালে খুলনা জেলা আইনজীবী সমিতি আয়োজিত আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যর্থহীনভাবে, স্পষ্টভাবে বার বার বলছেন আমরা জুলাই সনদের প্রতিটি তারিখ, দাঁড়ি, কমা ও সেমিকোলন মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। আমরাও এই কথা পার্লামেন্টে বলছি, বাইরে বলছি।’
মন্ত্রী আরও বলেন, ‘জুলাই সনদ ৩৩ টা দল সাইন করেছেন। সেখানে বলা আছে কী কীভাবে মানতে হবে। প্রত্যেকটা পরতে পরতে লেখা আছে কোনগুলো সংবিধান সংশোধন অনুযায়ী হবে, কোনগুলো অর্ডিন্যান্স আকারে হবে, কোনগুলো এক্ট অব পার্লামেন্ট আকারে হবে আর কোনগুলো নরমাল আকারে হবে।’
আসাদুজ্জামান বলেন, বর্তমান সময়ে অন্যতম আলোচিত বিষয় হলো জুলাই সনদ বাস্তবায়ন। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন। সরকার জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তবে দেশের স্বার্থে বিএনপি কয়েকটি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে।
আইনমন্ত্রী বলেন, বিচারকদের আইন প্রণয়ন, বদলি কিংবা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই, সরকার একটি স্বাধীন বিচার বিভাগ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় খুলনা বারে ১৭৪ জন নবীন আইনজীবী নতুন করে যোগদান করায় এ অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেন আইনমন্ত্রী। এ ছাড়া জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেন তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন