ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দেশের প্রথম বাজেট কত ছিল, কে পেশ করেন?

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৯:৩৭ এএম
সংসদ ভবন। ছবি : সংগৃহীত

স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অর্থনীতি পুনর্গঠন। সীমিত সম্পদ, অনিশ্চিত বৈদেশিক সহায়তা ও ভেঙে পড়া অবকাঠামোর মধ্যেই ১৯৭২ সালের ৩০ জুন জাতীয় সংসদে উপস্থাপিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট। ১৯৭২-৭৩ অর্থবছরের এই বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের প্রথম বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা। অর্থনীতিবিদদের কাছে এটি বাংলাদেশের ইতিহাসের এক ‘ঐতিহাসিক বাজেট’ হিসেবে বিবেচিত। কারণ, সদ্য স্বাধীন একটি দেশের পুনর্গঠন, উদ্বাস্তু পুনর্বাসন এবং অর্থনৈতিক ভিত গড়ে তোলার রূপরেখা উঠে এসেছিল সেই বাজেটে।

অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়লগের বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, স্বাধীনতার মাত্র ছয় মাসের মাথায় এই বাজেট উপস্থাপন করা হয়েছিল। সে সময় সরকারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল না বললেই চলে। রাজস্ব আদায়ও ছিল সীমিত। বিদেশি সহায়তার বিষয়টিও ছিল অনিশ্চিত।

তিনি আরও বলেন, যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হাজার হাজার সেতু, সড়ক, কৃষি ও শিল্প খাত পুনর্গঠনের পাশাপাশি উদ্বাস্তুদের পুনর্বাসনের বিষয়ও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকারে ছোট হলেও প্রথম বাজেট ছিল অত্যন্ত ‘গুণগত মানসম্পন্ন’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ মনে করেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের শাসনামলের বাজেটগুলো ছিল সমাজতন্ত্রমুখী অর্থনৈতিক দর্শনের প্রতিফলন।

তার ভাষায়, সে সময়ের বাজেটে রাষ্ট্রীয় খাতের প্রাধান্য রেখে মিশ্র অর্থনীতির কাঠামো গড়ে তোলার চেষ্টা করা হয়। একই সঙ্গে বৈষম্য কমানো, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যও ছিল স্পষ্ট।

অর্থমন্ত্রী হিসেবে তাজউদ্দীন আহমদ মোট তিনটি বাজেট পেশ করেন। ১৯৭২-৭৩ অর্থবছরে বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি, ১৯৭৩-৭৪ অর্থবছরে ৯৯৫ কোটি এবং ১৯৭৪-৭৫ অর্থবছরে প্রায় ১ হাজার ৮৪ কোটি টাকা।