মুন্সীগঞ্জে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোনের ব্যবস্থাপনায় মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন কোস্ট গার্ড স্টেশন গজারিয়ায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ওই মেডিকেল ক্যাম্পেইনে ৫১৭ জন অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সামগ্রী প্রদান করা হয়।
তিনি আরও বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন