দেশে কৃষিজমির পরিমাণ কমে যাওয়া উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কৃষিজমি রক্ষা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সরকার গুরুত্ব দিচ্ছে।
বুধবার (২৭ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে একটি বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে কৃষিজমি ক্রমেই কমে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে দেশের জন্য ভালো নয়। তাই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সময় কৃষিজমির ক্ষতি কমিয়ে আনার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি সব সময় বলেছি, যতটা সম্ভব কৃষিজমি নষ্ট করা যাবে না। উন্নয়ন ও কৃষির মধ্যে ভারসাম্য রেখে কাজ করতে হবে, যাতে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব না পড়ে।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়নমূলক কোনো প্রকল্পে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জেলার আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন