দেশের জনগণের স্বাস্থ্যসেবা আরও তৃণমূলে পৌঁছে দিতে ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (৩ জুন) সচিবালয়ে স্বাস্থ্য খাতবিষয়ক এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম ধাপে ৬ থেকে ১০টি উপজেলার একটি করে ইউনিয়নে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প হিসেবে) এই স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে। এর সফলতা মূল্যায়নের পর তা পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে।
তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন রোগ প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা সম্ভব হবে এবং জনগণকে স্বাস্থ্যসেবার আওতায় আনা আরও সহজ হবে। এ লক্ষ্যে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে একটি মেডিকেল কিট বক্স ব্যবহারের পরিকল্পনা রয়েছে, যেখানে রক্ত, ইউরিন ও ডায়াবেটিসসহ বিভিন্ন পরীক্ষার সুবিধা থাকবে।
মন্ত্রী আরও বলেন, গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার অংশ হিসেবে প্রতিটি হাসপাতালে একজন নারী ও একজন পুরুষ ফিজিওথেরাপিস্ট নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, দেশের ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে এবং এ-সংক্রান্ত উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
এ ছাড়া খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর বিভাগ এবং কুমিল্লায় ২০০ শয্যাবিশিষ্ট পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রতিটি হাসপাতালে আধুনিক আইসিইউ সুবিধা রাখা হবে।
মন্ত্রী আরও জানান, চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগে নারীদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি মিটফোর্ড হাসপাতালের পুরোনো ভবন ভেঙে নতুন অবকাঠামো নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
সরকারের লক্ষ্য দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও সহজলভ্য করে তোলা বলে তিনি উল্লেখ করেন।

-20260603134734.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন