কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সব বাহিনীকেই সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন বিভাগে আমরা দেখেছি তারা মিছিল-মিটিংয়ের মতো দুই-একটা কার্যক্রম হাতে নিয়েছে। আমাদের মনে হয়েছে, তারা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করলেও করতে পারে। এ বিবেচনায় আমাদের সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সেনাসদস্য মোতায়েনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাশকতা এড়াতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, চট্টগ্রামে ইন এইড টু সিভিল পাওয়ারে সেনা মোতায়েন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে যেকোনো রকমের অপতৎপরতা এড্রেস করা যায়।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই ভালো হয়েছে। তবে ১১ দল আইনশৃঙ্খলা নিয়ে যা বলেছে, তা নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে হবে। বিরোধী দলের সভা সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার। সরকার নিজের অবস্থানে ঠিক থাকবে।
এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়।
চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে, দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
এ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে আজ থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

