আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে সংযুক্ত করে একটি অর্থনৈতিক করিডোর (ইকোনমিক করিডোর) গড়ে তোলার প্রস্তাব দিয়েছে চীন।
শুক্রবার (২৬ জুন) চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
প্রধানমন্ত্রীর বেইজিং সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, বৈঠকে বাংলাদেশ–মিয়ানমার–চীনকে সংযুক্ত করে একটি অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব এসেছে। এই করিডোরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের অর্থনীতির পরিসর সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং মাল্টিমোডাল পরিবহনব্যবস্থার আরও উন্নয়ন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর ১৩টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং চীনের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের মধ্যে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এ ছাড়া চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মধ্যেও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
উল্লেখ্য, বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট সি চিনপিং বলেন, চীন বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতার রূপরেখা প্রণয়নে আগ্রহী। পাশাপাশি সবুজ ও স্বল্প-কার্বন উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অন্যান্য উদীয়মান খাতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনাকে কাজে লাগাতে চায় দেশটি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন