ভেনেজুয়েলায় গত বুধবার আঘাত হানা জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন বিদেশি নাগরিকও নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
কোন দেশের কতজন নাগরিক মারা গেছেন, তা তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
ব্রাজিল : ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার জানায়, দেশটির দুই নাগরিক—একজন পুরুষ ও একজন নারী—এই ভূমিকম্পে নিহত হয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের স্বজনদের প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দেওয়া হচ্ছে এবং নিহতদের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে।
দ্বৈত নাগরিক : রোমের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, কারাকাসে জন্ম নেওয়া ইতালি ও ভেনেজুয়েলার দ্বৈত নাগরিক পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঞ্চলে ভবন ধসে প্রাণ হারিয়েছেন।
ইতালির হিসাব অনুযায়ী, ভেনেজুয়েলায় প্রায় ১ লাখ ৭০ হাজার ইতালীয় পাসপোর্টধারী বাস করেন।
চীন : কারাকাসে অবস্থিত চীনা দূতাবাসের বরাত দিয়ে বেইজিংয়ের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, গত বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ভূমিকম্পে নিহতদের মধ্যে দুই চীনা নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
দূতাবাসটি তাদের সরকারি উইচ্যাট অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে জানায়, ভেনেজুয়েলায় অবস্থানরত চীনা নাগরিকদের আফটারশক এবং ভূমিকম্প-পরবর্তী সম্ভাব্য দ্বিতীয় দফার দুর্যোগ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন