দেশে জুলাই মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে প্রকাশিত বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, নতুন মূল্য তালিকা একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন নির্ধারিত দরে প্রতি লিটার অটোগ্যাস বিক্রি হবে ৭০ টাকা ৪০ পয়সায়, যা আগে ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা।
এর আগে জুন মাসে বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে অটোগ্যাসের মূল্যও প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন