জাতীয় সংসদ অধিবেশন দেখতে আসা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং দেশ গঠনে ভূমিকা রাখতে জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান জানান।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সংসদ অধিবেশনের বিরতির সময় জাতীয় সংসদ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
বর্তমান সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের জাতীয় সংসদ পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার চারজন বিদেশি শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শনে অংশ নেন।
দুপুরে সংসদ ভবনে এসে তারা ভবনের স্থাপত্যশৈলী ঘুরে দেখেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে স্মৃতিচারণমূলক ছবি তোলেন। পরে তারা সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাদের সাক্ষাতের সুযোগ হয়।
এদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষক-শিক্ষার্থী মিলিয়ে ৬৯ জন সংসদ ভবন পরিদর্শনে অংশ নেন। এছাড়া নটর ডেম কলেজের ৪৩ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক, বাংলাদেশ লিগ্যাল এইডের মাধ্যমে ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের চারজন বিদেশি শিক্ষার্থীসহ আট সদস্যের একটি প্রতিনিধি দল এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের ১৮ সদস্যের একটি প্রতিনিধিদলও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অবদান রাখতে নিজেদের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

