দেশে পুনরায় একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিগত সময়ে এক দলের শাসন ছিল। কেউ কথা বলতে পারতো না, গুম করে ফেলা হতো। আবারও বাংলাদেশকে এক দলীয় শাসনের দিকে নেওয়া হচ্ছে। সংসদে আমাদের কথা বলতে দেওয়া হয় না। আমরা জনসভায় কথা বলতে গেলে বোমা মারে, ককটেল নিক্ষেপ করে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের তালতলা চত্বরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এ কর্মসূচির আয়োজন করে এনসিপি।
পদযাত্রায় নাহিদ ইসলামের সঙ্গে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।
আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, এই একদলীয় শাসন কেউ যদি আবার শুরু করতে চায়, তাদের আওয়ামী লীগের পরিণতি স্মরণ করিয়ে দিতে চাই। ষোলো বছর একদলীয় শাসন করে হেলিকপ্টার দিয়ে আওয়ামী লীগ দিল্লী পালিয়েছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ককটেল ফাটিয়ে, বোমা মেরে তারা মনে করেছিল আমাদের পদযাত্রা বন্ধ করবে। সখীপুরবাসী এসব ষড়যন্ত্র ও পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে।
এক দলের লুটপাট থেকে আরেক দলের লুটপাটের জন্য জনগণ জীবন দেয়নি উল্লেখ করে নাহিদ বলেন, ২০২৪ সালে আমাদের তরুণরা জীবন দিয়েছে দেশের পরিবর্তনের জন্য। যদি পরিবর্তন না হয়, যদি মাদক থেকে যায়, যদি লুটপাট অব্যাহত থাকে, দুর্নীতি অব্যাহত থাকে তাহলে ওই আত্মত্যাগের কোনো মূল্য থাকে না। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকদলের লুটপাটের জন্য এদেশের ছাত্র জনতা জীবন দেয়নি।
বিচার ও আইনের শাসনের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা ন্যায়বিচারের কথা বলেছি। কিন্তু পাঁচ (৫ আগস্ট) তারিখের পর সারাদেশে মামলা বাণিজ্য হয়েছে। নিরীহ ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে মামলা বাণিজ্য করেছে। আওয়ামী লীগের বিচার করেন, কিন্তু নিরীহ মানুষদের হয়রানি করতে দেওয়া হবে না। চাঁদাবাজি, লুটপাট করতে দেওয়া হবে না।

