নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজিম প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামসুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (২৬ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে দায়িত্ব গ্রহণ উপলক্ষে শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং একটি আরও দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে এগিয়ে নিতে তাঁর সফল নেতৃত্ব কামনা করেন।
এ সময় নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজিম প্রতিরক্ষা উপদেষ্টার সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন