ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কর্মবিরতি স্থগিত, সকাল থেকেই চলবে মেট্রোরেল

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৫:৩৪ এএম
ফাইল ছবি

স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে চলমান কর্মবিরতি স্থগিত করেছেন মেট্রোরেলের কর্মকর্তা–কর্মচারীদের একাংশ। এর ফলে আজ শনিবার সকাল থেকে মেট্রোরেলের যাত্রীসেবা স্বাভাবিকভাবে চলবে। 

গতকাল শুক্রবার রাতেই সব স্টেশন খুলে দেওয়া হয় এবং উত্তরা থেকে শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছেড়ে যায়।

আন্দোলনকারীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ১৮ ডিসেম্বর বিশেষ বোর্ড সভা আহ্বানের সরকারি ঘোষণা পাওয়ার পর কর্মীরা কর্মবিরতি থেকে সরে আসেন। তাদের দাবি: স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়ন, এই সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে।

ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, কর্তৃপক্ষের আশ্বাসের পর দাবি পূরণের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে।

পূর্বঘোষিত মতো শুক্রবার বিকেল ৩টায় উত্তরা এবং ৩টা ২০ মিনিটে মতিঝিল থেকে ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন ছাড়েনি। ফলে অফিস–ফেরত ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। যদিও ডিএমটিসিএল আগের দিন জানিয়েছিল মেট্রোরেল স্বাভাবিক সময়সূচিতে চলবে, আন্দোলনকারীরা সেই ঘোষণা মানেননি।

সূত্র জানায়, বিশেষ বোর্ড সভায় চাকরি বিধিমালার অনুমোদন মিললে আন্দোলনকারীদের প্রধান দাবি পূরণ হয়ে যাবে। এমন অবস্থায় আন্দোলনের যৌক্তিকতা নেই বলে কর্মীরা জানিয়েছেন।