দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন খাতে দীর্ঘদিনের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিলেও সম্প্রতি নতুন নতুন মাফিয়ার তৎপরতার আভাস পাচ্ছেন বলে জানিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন।
রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌ উপদেষ্টা বলেন, ‘আমি যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতির গভীর শিকড় দেখতে পেয়েছি। এসব অনিয়ম একদিনে দূর করা সম্ভব নয়। তবে দায়িত্ব নেওয়ার পর অনেক মাফিয়ার দৌরাত্ম্য বন্ধ করতে পেরেছি। দুর্ভাগ্যজনকভাবে এখন আবার নতুন নতুন মাফিয়ার উপস্থিতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।’
অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ অভিযোগ করেন, কমিশনের পক্ষ থেকে দেওয়া শতাধিক সুপারিশের একটিও সরকার এখনো বাস্তবায়ন করেনি।
তিনি বলেন, ‘সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য কমিশন একটি পূর্ণাঙ্গ খসড়া প্রস্তুত করলেও কোনো সুস্পষ্ট ব্যাখ্যা ছাড়াই সরকার তা বাতিল করেছে। একই সঙ্গে একটি স্থায়ী ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাবও নাকচ করা হয়েছে।’
এর পরিবর্তে অকার্যকর ও সরকারনির্ভর প্রেস কাউন্সিল পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন