ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দেশজুড়ে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’, গ্রেপ্তার সহস্রাধিক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৩:০২ এএম
ছবি: রূপালী বাংলাদেশ

দেশজুড়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে যৌথ বাহিনী ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করেছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে এ অভিযান শুরু হয়।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত দুই দিনে অভিযানে ১,০৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ছয়টি অস্ত্রসহ বিদেশি পিস্তল, রামদা, তলোয়ার, চাকু ও রিচার্জেবল স্টানগান।

গ্রেপ্তারদের মধ্যে ৯০৭ জনকে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আটক করা হয়েছে।

গত শনিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান রয়েছে।

এটিকে আরও জোরদার ও দ্রুততর করার জন্য এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনের উদ্দেশ্যে কোর কমিটি ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অবিলম্বে চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এ এইচ এম শাহাদাত হোসাইন জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে যৌথ বাহিনীর অভিযান চলবে।

উল্লেখ্য, প্রায় ১০ মাস আগে, ৮ ফেব্রুয়ারি, সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করা হয়েছিল। গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে ওই অভিযান পরিচালনা করা হয়েছিল।

জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পরও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটি একই ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং ফ্যাসিস্টদের দমনের জন্য ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ শুরু করার সিদ্ধান্ত নেয়।