× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৩:৩৯ পিএম

নির্বাচনকে প্রভাবিত করতে চাওয়া দুষ্কৃতকারীদের দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৩:৩৯ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের যেকোনো ধরনের অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘নির্বাচনকে বাধাগ্রস্ত কিংবা প্রভাবিত করতে পারে এমন সব কার্যক্রম কঠোরভাবে প্রতিহত করতে হবে এবং আইনশৃঙ্খলার প্রশ্নে কোনো আপস করা হবে না।’

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ বিষয়ক আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট দোসর, দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করতে হবে। নির্বাচন পূর্ববর্তী চার দিন নিবিড় টহল পরিচালনা করতে হবে। চরাঞ্চল ও দুর্গম এলাকায় টহল কার্যক্রম বিভিন্ন বাহিনীর সমন্বয়ে চালাতে হবে। সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনকে কেন্দ্র করে জনসাধারণ ও রাজনৈতিক দলের প্রত্যাশা পূরণে সতর্ক ও সজাগ থাকতে হবে। নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন রাখতে হবে যাতে ভোটাররা আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে।

উপদেষ্টা জানান, ভোটের আগে, ভোটের দিন এবং ভোট পরবর্তী সময়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সকল আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে। নির্বাচনে আইনশৃঙ্খলার ক্ষেত্রে কোনো আপস করা হবে না।

তিনি আরও বলেন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, জেলা ও উপজেলা নির্বাচন অফিসার, পুলিশ, সশস্ত্র বাহিনী, র‍্যাব, বিজিবি, আনসার-ভিডিপি, কোস্টগার্ডসহ সকল স্তরের প্রশাসনের মধ্যে সমন্বয়, তথ্য আদান-প্রদান ও যৌথ টহল নিশ্চিত করতে হবে। জেলা পর্যায়ে ঘন ঘন আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা আহ্বান করতে হবে।

সভায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নৈতিক চরিত্র বজায় রেখে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আত্মসম্মান বজায় রেখে সকল বাধা ও প্রতিকূলতা মোকাবিলা করতে হবে এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল বিপিএম, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক, বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এছাড়া বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে অতিরিক্ত ফোর্স মোতায়ন করা হচ্ছে। সেখানে বডি ওর্ণ ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, ড্রোন এবং ডগ স্কোয়াড থাকবে। এছাড়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ-২০২৬’ ব্যবহার করা হবে। কেউ যদি অপতৎপরতা ঘটানোর চেষ্টা করে, সফল হবে না।

Link copied!