× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৬:৫২ পিএম

গণতন্ত্র-সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক ঐক্যের আহ্বান ইশরাকের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০৬:৫২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষার প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

রোববার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় ক্লাবের আব্দুস সালাম হলে গণঅধিকার পরিষদের আয়োজনে ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

ইশরাক হোসেন বলেন, ক্ষমতার লোভে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যাতে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়ে। তার ভাষায়, গণতন্ত্র দুর্বল হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও ঝুঁকির মধ্যে পড়তে পারে।

তিনি দাবি করেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল। তার মতে, কোটা সংস্কার আন্দোলন থেকেই পরবর্তী সময়ে বৃহত্তর গণঅভ্যুত্থানের সূচনা হয়।

আলোচনা সভায় তিনি আরও দাবি করেন, জাতিসংঘের একটি প্রাথমিক প্রতিবেদনে ৩৬ দিনে এক হাজার ৪০০ জনের বেশি মানুষের নিহত হওয়ার তথ্য উঠে এসেছে। এ ছাড়া কয়েক হাজার মানুষ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হন এবং বহু মানুষ এখনো চিকিৎসাধীন রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

ইশরাক হোসেন অভিযোগ করেন, আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন এলাকায় নিরস্ত্র শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছিল। তার ভাষ্য, স্নাইপার, হেলিকপ্টার ও অন্যান্য অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমনের চেষ্টা করা হয়।

তিনি বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণের কারণেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। তার দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতার অংশ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামেরই একটি অধ্যায়।

জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে ইশরাক বলেন, রাজনৈতিক বিতর্ক ও মতভেদ গণতন্ত্রের স্বাভাবিক বিষয়। তবে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকারের প্রশ্নে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ব্যর্থ হলে এর রাজনৈতিক সুবিধা পেতে পারে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা ও তাকে আশ্রয় দেওয়া শক্তিগুলো। তাই দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে দেশপ্রেমিক রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Link copied!