ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের শেকড় যতই শক্তিশালী হোক না কেন, তা উপড়ে ফেলা হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, হাদি জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক। বর্তমানে তিনি সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতার জন্য সবাই কায়মনোবাক্যে দোয়া করছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, হাদির ওপর গুলির ঘটনা বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বকে দুর্বল করতে পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাসী বাহিনী পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। তবে এসব ষড়যন্ত্র সফল হবে না বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, সরকার ও নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। আগামী নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবে এবং নির্বাচনের ফলাফলে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও আহত শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন