ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তরুণরা ঐক্যবদ্ধ থাকলে সংস্কারের সংগ্রাম সফল হবে: মঞ্জু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৭:৪০ পিএম
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত

এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, তরুণরা যদি ঐক্যবদ্ধ থাকে, তবে রাষ্ট্র গঠন ও সংস্কারের সংগ্রাম নিশ্চিতভাবে সফল হবে। তিনি বলেন, ভোটারদের সচেতন করার লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি মেনে আগামী ২১ জানুয়ারির পর থেকে সপ্তাহব্যাপী ডোর-টু-ডোর পদযাত্রা কর্মসূচি পরিচালনা করা হবে।

বুধবার (৭ জানুয়ারি)  বিকেলে দলের নারী কর্মীদের জন্য অনুষ্ঠিত কর্মশালায় তিনি এই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে ছাত্রদের নিয়ে আয়োজিত নিপা আচরণবিধি সংক্রান্ত কর্মশালায় মঞ্জু বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থান—সবক্ষেত্রেই তরুণরা নেতৃত্ব দিয়েছে। তিনি রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমস্যা সমাধানে তরুণদের সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ফেনী শহরে বাংলাদেশ ছাত্রপক্ষের কমিটি গঠনের অনুষ্ঠান এবং নারী কর্মীদের পৃথক কর্মশালাও আজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন এবি পার্টি ফেনী জেলা সদস্য সচিব প্রভাষক ফজলুল হক ও জাহানারা আক্তার মনি। সভা দুটি পরিচালনা করেন জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ।

নুসরাত জাহান প্রমাকে আহ্বায়ক এবং বাকী বিন আবদুল্লাহ আল আফীফ তামিমকে সদস্য সচিব করে বাংলাদেশ ছাত্রপক্ষের ফেনী জেলা শাখার ৩০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ফেনী শহরের মিজান রোডস্থ এবি পার্টির কার্যালয়ে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জু আরও বলেন, ‘দুই হাজারের বেশি শহীদের রক্তের বিনিময়ে আমাদের সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে। আমরা যদি এবার ব্যর্থ হই, শহীদের রক্ত বৃথা যাবে এবং ইতিহাস আমাদের ক্ষমা করবে না। শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদের সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে। আমরা বরাবরই তোমাদের পাশে ছিলাম, আগামী দিনগুলোতেও থাকবো।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পেশাজীবি কমিটির সদস্য এডভোকেট সাইফুল্লাহ নোমান, এবি পার্টি ওমান প্রবাসী নেতা নুর নবী নয়নসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।