একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেয়ার জন্য নানা কৌশল খুঁজছে। তবে তাদের সেই সুযোগ দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার শাসনামলে দেশ ‘মৃত্যু উপত্যকায়’ পরিণত হয়েছিল। বহু মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। জাতি এসব ঘটনার কথা স্মরণ করবে এবং সব গুম-খুনের বিচার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির স্বার্থে বিএনপি তাদের কিছু কর্মসূচি স্থগিত করেছিল। কিন্তু কিছু রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন এই সিদ্ধান্তকে দুর্বলতা হিসেবে দেখেছে। তাদের উদ্দেশ্য হলো নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা এবং নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ তৈরি করা।
বিএনপির এই নেতা বলেন, গণতান্ত্রিক পথকে কণ্টকাকীর্ণ করার কোনও প্রচেষ্টাই সফল হতে দেওয়া হবে না। বিএনপি কোনও ষড়যন্ত্রের অংশ হবে না এবং কাউকেও সে সুযোগ দেবে না।


