বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর খুলনা বিভাগ সফরে এসেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) খালিশপুর প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন।
সকাল থেকেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। অনেক কর্মী রোববার রাতেই খুলনায় পৌঁছেছেন।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, বেলা ১১টায় হেলিকপ্টারে খুলনায় পৌঁছাবেন বিএনপির চেয়ারম্যান। দুপুর ১২টায় প্রভাতী স্কুল মাঠে জনসভায় তিনি ভাষণ দেবেন এবং দুপুর ১টায় যশোরের উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।
মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা সভায় সভাপতিত্ব করবেন। বৃহত্তর খুলনার ১৪ জন সংসদ প্রার্থী এবং কেন্দ্রীয় নেতারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
খুলনা-৩ আসনের সংসদ প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, খুলনার পাশাপাশি সাতক্ষীরা ও বাগেরহাটের নেতাকর্মীরাও সমাবেশে অংশ নিচ্ছেন। নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্বের বিষয় হিসেবে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, তারেক রহমান বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ায় কিছুটা অসুস্থ হলেও খুলনার মানুষকে ভালোবেসে তিনি আসতে সম্মত হয়েছেন।
খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রভাতী স্কুল মাঠের জনসভা শুধু নির্বাচনি সমাবেশ নয়, এটি খুলনা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এরই মধ্যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। প্রভাতী স্কুল মাঠের আশপাশে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
পুলিশ জানায়, সমাবেশস্থলের ভেতরে ও বাইরে, যাতায়াতের পথে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে পোশাকধারী পুলিশ, গোয়েন্দা পুলিশ, র্যাব, সেনা ও নৌবাহিনীর সদস্যরা দায়িত্বে থাকবেন। শহরে প্রবেশের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের চেকপোস্ট থাকবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বলেন, ‘খুলনায় আজ ট্রাফিক ব্যবস্থা নরমাল থাকবে। সাধারণ যানবাহনের চলাচলে বিঘ্ন হবে না। সমাবেশস্থলে তিন স্তরের নিরাপত্তা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নগরবাসী ও সমাবেশে আগতরা সহযোগিতা করলে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন