ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে ইসলামী ছাত্রশিবিরের র‌্যালি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০১:৫৩ পিএম
ইসলামী ছাত্রশিবিরের র‌্যালি। ছবি : সংগৃহীত

৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‌্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালির অগ্রভাগে ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। র‌্যালি চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে কিছু সময় অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় তারা ওসমান হাদিকে স্মরণ করেন এবং তার বিচার দাবিতে স্লোগান দেন।

পরে মিছিলটি শাহবাগ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক যাত্রা শুরু হয়েছিল। সেই ঐতিহাসিক প্রাঙ্গণে দীর্ঘ সময় পর প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি আয়োজন করতে পারা তাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

বক্তারা আরও বলেন, অতীতে সংগঠনের নেতাকর্মীরা নানা নির্যাতনের মুখে পড়লেও বাংলাদেশ গঠন ও সমাজ সংস্কারের অঙ্গীকার থেকে তারা কখনো সরে আসেননি। ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।