জয়পুরহাটে জুলাই হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। তবে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তারা আত্মসমর্পণ করেন এবং জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিলন চন্দ্র মণ্ডল তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন—জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও দোগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মণ্ডল, সাবেক মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান পিন্টু চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন সাবু, সাবেক কাউন্সিলর বাপ্পী, ইউপি সদস্য শফিকুল ইসলাম ও ওয়ালিউজ্জামান।
আদালত সূত্র জানায়, জুলাই হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলায় তারা আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার একসঙ্গে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তারা। তবে শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
পরে আদালতের নির্দেশে পুলিশি পাহারায় দ্রুত তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শাহনুর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার গুরুত্ব বিবেচনায় আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

