রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে সক্রিয় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের অপরাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।
সম্প্রতি জামায়াতে ইসলামীর আমিরের পক্ষ থেকে বিএনপি ‘ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’ এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। মির্জা ফখরুলের ভাষ্য, এ ধরনের বক্তব্য শুধু অনভিপ্রেত নয়, বরং রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর এবং সুস্থ গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থি।
তিনি দাবি করেন, দীর্ঘ সময়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা দেশি-বিদেশি পর্যবেক্ষকদের কাছেও প্রশংসিত হয়েছে। সেই নির্বাচনের ফলেই জনগণের ভোটে সরকার গঠিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মির্জা ফখরুল বলেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়িয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়। তিনি দেশবাসীকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, এ ধরনের অপচেষ্টা দেশকে আবারও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে।
এদিকে, আসন্ন মে দিবস উপলক্ষে রাজধানীতে বড় সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে দলটির শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
দলটির পক্ষ থেকে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। শ্রমিক অধিকার রক্ষা এবং গণতন্ত্র সুসংহত করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কর্মসূচি জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাম্প্রতিক উত্তেজনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, একটি ‘অশুভ শক্তি’ জনমনে বিভ্রান্তি তৈরি করছে। এসব মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি মে দিবসের সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন