জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে আজ জুমার নামাজের পর শাহবাগে ঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
নাহিদ ইসলাম বলেন, জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। গতকালের মতো ভাঙচুর ও নাশকতার পরিকল্পনা রয়েছে জুলাই গণঅভ্যুত্থানবিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে অবস্থান করছি।
তিনি আরও বলেন, জনগণের ক্ষোভকে পুঁজি করে কোনো হঠকারী গোষ্ঠী যেন ভাঙচুর, অগ্নিসংযোগ বা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার নামাজের পর শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।
তবে কর্মসূচি বাতিল নয় জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এর পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হবে। তিনি এ মিছিলে সর্বস্তরের মানুষকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন