কিছুদিন আগে নির্বাচনি প্রচারে বন্ধু-সহপাঠীদের থেকে ১৪ লাখ টাকা পেয়েছিলেন হাসনাত আবদুল্লাহ। এবার মাদ্রাসার সহপাঠীদের থেকে ১০ লাখ টাকা পেয়েছেন আরেক প্রার্থী হান্নান মাসউদ।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১-দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের নির্বাচনি তহবিলে ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন তার বন্ধু ও মাদ্রাসার সহপাঠীরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে হাতিয়ার ওছখালী এলাকার একটি কমিউনিটি সেন্টারে ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত পুনর্মিলনী ও মতবিনিময় সভায় বন্ধুদের পক্ষ থেকে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।
অনুদান প্রদানকারীদের মধ্যে ছিলেন হাতিয়া রাহমানিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ফজলে এলাহী হৃদয়, চর কৈলাশ হাদিয়া ফাজিল মাদ্রাসার মো. আবদুর রবসহ বিভিন্ন মাদ্রাসার ২০১৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে আবদুল হান্নান মাসউদ বলেন, দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে একত্র হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। বন্ধুরা সব সময় তার পাশে থেকেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়েছেন। সহপাঠীদের সঙ্গে তার সম্পর্ক এখনো অটুট রয়েছে।
তিনি আরও বলেন, তরুণ সমাজই দেশের সবচেয়ে বড় শক্তি। শিক্ষিত ও সচেতন তরুণদের সঙ্গে নিয়েই একটি সুন্দর, নিরাপদ ও উন্নত হাতিয়া গড়ে তোলা সম্ভব। নির্বাচিত হলে শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
অনুষ্ঠানে ২০১৭ সালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন কামনা করেন এবং হাতিয়ার সার্বিক উন্নয়নে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন