বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, সংস্কার ইস্যুতে জনগণের দেওয়া রায় উপেক্ষা করে বিএনপি এখন ভিন্ন অবস্থান নিয়েছে, যা দীর্ঘদিন সহ্য করবে না মানুষ।
রোববার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত এনসিপির জাতীয় কনভেনশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আবদুল হান্নান মাসউদ দাবি করেন, বর্তমান সংসদ জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের কিছু অধ্যাদেশ, যেগুলো সরকারের ক্ষমতা আরও শক্তিশালী করতে সহায়ক, সেগুলোকে আইনে পরিণত করা হয়েছে। অন্যদিকে, যেসব অধ্যাদেশ সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে পারত, সেগুলো বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, জনগণ সংস্কারের প্রত্যাশায় গণভোটে সমর্থন দিয়েছিল। কিন্তু বিএনপি এখন সেই প্রতিশ্রুতি থেকে সরে এসে জনতার সঙ্গে প্রতারণা করছে।
এনসিপির এই নেতা সতর্ক করে বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো রাজনৈতিক দল দীর্ঘদিন টিকে থাকতে পারে না। বর্তমান পরিস্থিতিতে জনগণের ধৈর্যেরও সীমা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন