বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিনা অনুমতিতে সভা-সমাবেশের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে রিয়াদ কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।
বুধবার (১৭ ডিসেম্বর) রিয়াদে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে হলরুম ভাড়া করে, হোটেল-রেস্তোরাঁ এবং ব্যক্তিগত বাসাবাড়িতে অননুমোদিত বিভিন্ন সংগঠনের ব্যানারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সভা-সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে রাজনৈতিক প্রচার চালানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অপরাধমূলক তথ্য ছড়ানোর অভিযোগে কয়েকজন বাংলাদেশিকে আটক করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, এমতাবস্থায়, সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সৌদি কর্তৃপক্ষের অনুমোদনবিহীন কোনো সভা-সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে প্রচারে অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সব ধরনের অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার হতে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একই সঙ্গে সৌদি আরবের আইন-কানুন বিধি-বিধান মেনে চলার জন্যও সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন