ফ্রান্সের বাংলাদেশি অধ্যুষিত লাকর্নভ শহরের আসন্ন স্থানীয় নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাদিয়া ছাবুন। তিনি ফরাসি কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তার প্যানেল থেকে প্রথমবারের মতো কাউন্সিলর পদে অংশ নিচ্ছেন চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা আকাশ বড়ুয়া।
স্থানীয় কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভায় মেয়র প্রার্থী বলেন, এলাকার জননিরাপত্তা জোরদার, নারীদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম সম্প্রসারণই হবে তার অগ্রাধিকার।
আকাশ বড়ুয়া বলেন, তাদের প্যানেল নির্বাচিত হলে বাংলাদেশি কমিউনিটির আবাসন–সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে তিনি বিশেষভাবে কাজ করবেন। পাশাপাশি অভিবাসীদের বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
আকাশ বড়ুয়া আরও বলেন, গুরুত্বপূর্ণ এই শহরে বসবাসরত বাংলাদেশিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। একই সঙ্গে আগামী প্রজন্মকে ফ্রান্সের মূলধারার রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
ইল-দ্য-ফ্রঁস অঞ্চলের গুরুত্বপূর্ণ এই পৌর এলাকায় ২০২৩ সালের হিসাব অনুযায়ী জনসংখ্যা ৪৭ হাজার ১৬৭। এর মধ্যে প্রায় পাঁচ হাজার বাংলাদেশির বসবাস রয়েছে। ফলে শহরটি ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির একটি উল্লেখযোগ্য কেন্দ্র হিসেবে পরিচিত।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন