ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কানাডায় দিনের বেলায় ছিনতাইচেষ্টা, অভিযোগ প্রবাসী বাংলাদেশির

প্রবাস ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৯:৫৪ পিএম
আব্দুল্লাহ আল মামুন প্রবাসী বাংলাদেশি। ছবি : রূপালী বাংলাদেশ

কানাডায় দিনের বেলায় এক প্রবাসী বাংলাদেশির সঙ্গে ছিনতাইচেষ্টার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারী জানান, একজন আফ্রিকান বংশোদ্ভূত ব্যক্তি তার হাত থেকে খাবারের প্যাকেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং বাধা দিলে তাকে মারধর ও অস্ত্রের মতো দেখতে বস্তু দিয়ে ভয় দেখান।

অভিযোগকারী আব্দুল্লাহ আল মামুন বাগেরহাট জেলার বাসিন্দা হলেও কর্মসূত্রে বর্তমানে কানাডায় বসবাস করছেন। তিনি সোমবার (৯ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টার দিকে নিজের ফেসবুক পোস্টে ঘটনাটি তুলে ধরেন।

তার পোস্টের বর্ণনা অনুযায়ী, তিনি ২৮ ওয়েলসি স্ট্রিটের একটি হাইরাইজ ভবনে খাবার ডেলিভারি দিতে যান। এ সময় তার পেছনে একজন ব্যক্তি ভবনের ভেতরে প্রবেশ করেন। সে সময় লবিতে তখন রেসিপশনে কেউ ছিলেন না এবং তিনি গ্রাহকের সঙ্গেও যোগাযোগ করতে পারছিলেন না।

মামুন জানান, লিফটের বাটন কাজ করছে কি না দেখতে গিয়ে তিনি লিফটে পা রাখেন। ঠিক তখনই পেছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি হঠাৎ তার হাতে থাকা খাবারের প্যাকেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি বাধা দিলে ওই ব্যক্তি তাকে আঘাত করেন। আত্মরক্ষার জন্য হাত বাড়িয়ে দিলে তার হাতে আঘাত লাগে। তার ডান হাতের কাঁধের জয়েন্ট আগে দু’বার স্থানচ্যুত হওয়ায় এতে পুরোনো ব্যথা আবার তীব্র হয়ে ওঠে।

ধস্তাধস্তির একপর্যায়ে তার মোবাইল ফোন হাত থেকে পড়ে যায়। অভিযুক্ত ব্যক্তি সেটি তুলে নিয়ে সুইচ অফ করার চেষ্টা করেন। তবে ফোনে পাসওয়ার্ড থাকায় সেটি বন্ধ করতে পারেননি। এ সময় তার হাতে থাকা পিস্তলের মতো দেখতে একটি গ্যাস লাইটার দিয়ে ভয় দেখানোর অভিযোগও করেন মামুন।

পরিস্থিতি থেকে বাঁচতে তিনি ভবনের বাইরে এসে আশপাশের লোকজনকে সাহায্যের জন্য ডাকেন এবং একজন ডেলিভারি কর্মীকে পুলিশে ফোন করতে বলেন। এর মধ্যেই অভিযুক্ত ব্যক্তি বাইরে এসে তাকে ঘুষি মারেন। মামুন জানান, ঘুষিটি তার হেলমেটে লাগে।

পরে অভিযুক্ত ব্যক্তি রাস্তা পার হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মামুন তাকে ধাওয়া করেন। এ সময় এক ক্যানাডিয়ান পথচারী এগিয়ে এসে তাকে থামানোর চেষ্টা করেন। পরে মামুন ও আরেকজন মিলে ওই ব্যক্তিকে ঘিরে ফেলেন।

অভিযুক্ত ব্যক্তি তখন দাবি করেন, ফোনটি তার নিজের। একপর্যায়ে তিনি ফোনটি ম্যানহোলের ঢাকনার ভেতরে ফেলে দেওয়ার চেষ্টা করলে মামুন তাকে তা না করার অনুরোধ করেন। তখন উপস্থিত ওই কানাডিয়ান ব্যক্তি শান্তভাবে তাকে ফোনটি ফেরত দিতে বলেন। শেষ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি ফোনটি ফেরত দেন।

মামুন বলেন, ওই ক্যানাডিয়ান ব্যক্তির নাম লুইস। তার সহায়তায় তিনি নিজের ফোনটি ফিরে পান। ঘটনাটির সময় আশপাশে অনেক মানুষ উপস্থিত থাকলেও বেশিরভাগই দূর থেকে দাঁড়িয়ে পরিস্থিতি দেখছিলেন বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, বর্তমানে কানাডায় আফ্রিকান নাগরিকরা ছিনতাইয়ের সঙ্গে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে। তারা বিভিন্ন সময় কানাডায় বসবাসরত সাধারণ মানুষের কাছ থেকে মোবাইল-টাকা ছিনিয়ে নিচ্ছে। বাদ যাচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরাও।