মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশেষ ব্যবস্থায় বাহরাইন ছেড়েছেন ২৮২ জন প্রবাসী বাংলাদেশি। আজ শুক্রবার (২০ মার্চ) সকালে গালফ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
জানা যায়, ২৮২ জন যাত্রী নিয়ে গালফ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটটি শুক্রবার সকাল ৯টায় বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। ফ্লাইটটি সৌদি আরবের দাম্মাম হয়ে সরাসরি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
যাত্রার প্রাক্কালে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার গোল্ডেন টিউলিপ হোটেলে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি প্রবাসীদের বর্তমান পরিস্থিতির ওপর ধৈর্য ধরার আহ্বান জানান এবং যারা দেশে ফিরছেন তাদের সার্বিক খোঁজখবর নেন।
যাত্রীদের শুভকামনা জানিয়ে রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বলেন, দূতাবাসের আহ্বানে সাড়া দিয়ে দ্রুততম সময়ে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার জন্য গালফ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ।

-20260320125541.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন