মালয়েশিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটিয়েছেন এক সেনা কর্মকর্তা। এতে একজন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ভোরে কুয়ালালামপুরের এমইএক্স হাইওয়েতে সালাক সেলাতান থেকে জালান তুন রাজাকগামী পথে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ৩১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা ভুল পথে প্রবেশ করে তার ফোর্ড ফিয়েস্তা গাড়ি নিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ই-হেইলিং পেরোদুয়া আলজা এমপিভির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন।
দুর্ঘটনার সময় ই-হেইলিং গাড়িটিতে দুই বাংলাদেশি যাত্রী ছিলেন, যারা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরছিলেন। সংঘর্ষে গাড়ির মাঝের সিটে থাকা ২২ বছর বয়সী এক বাংলাদেশি যুবক ঘটনাস্থলেই নিহত হন।
সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া বাংলাদেশির নাম মোজাহিদ মিল্লাত (২২)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এ ঘটনায় নিহতের স্ত্রী নাফিজা তাবাসসুম আদিবা (২০) গুরুতর আহত হয়েছেন।
কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও আইন প্রয়োগকারী বিভাগের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা জানান, ভোর ৫টা ৩৮ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়া যায়।
তিনি আরও বলেন, সেনা কর্মকর্তার অ্যালকোহল টেস্টে অতিরিক্ত মদ্যপানের প্রমাণ মিলেছে। তাকে গ্রেপ্তার করে ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪৪(১) ধারায় মামলা করা হয়েছে।
দুর্ঘটনায় সেনা কর্মকর্তা এবং গাড়ির এক নারী যাত্রীও আহত হয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের সহায়তা করতে আহ্বান জানিয়েছে।


