মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের প্রবাসী দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধের জেরে ইতালিতে ছোট ভাই নিহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত আনুমানিক ৮টার দিকে ইতালির লেইজ শহরে। অভিযোগ রয়েছে, বড় ভাই হুমায়ুন ফকির ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়ন ফকিরকে আঘাত করে হত্যা করেন। তারা দুজনই পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের ছেলে।
ঘটনার পর হুমায়ুন ফকির ভিডিও কলে পরিবারের সদস্যদের কাছে নয়নের নিথর দেহ দেখান এবং হত্যার বিষয়টি স্বীকার করেন বলে পরিবার সূত্রে জানা গেছে। পরে ইতালির পুলিশ তাকে গ্রেপ্তার করে।
নিহতের এক ঘনিষ্ঠ বন্ধু, পরিচয় গোপন রাখার শর্তে জানান, হুমায়ুন ফকির প্রায় ১২ বছর ধরে ইতালিতে অবস্থান করছেন। তিনি প্রথমে লিবিয়া হয়ে ইতালিতে যান। ২০২৩ সালে তার সহায়তায় ছোট ভাই নয়নও সেখানে যান। পারিবারিক জীবনে হুমায়ুনের দুটি বিয়ে ছিল এবং ঘটনার দিনই প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার কথা ছিল। এ সিদ্ধান্তে আপত্তি জানানোয় দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু বলেন, প্রবাসে পারিবারিক বিরোধের জেরে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়েছেন বলে তারা জেনেছেন এবং বিষয়টি তাদের অবহিত করা হয়েছে।


