মালয়েশিয়ার কুয়ালালামপুরে রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন এবং প্রবাসীদের ভূমিকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কুয়ালালামপুরের রাঁধুনী বিলাস রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। এতে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা, গণভোট বাস্তবায়ন এবং একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও জনগণকেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনে দেশ-বিদেশে বসবাসরত নাগরিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাটি সঞ্চালনা করেন যুগ্ম সচিব মুসফিক আহমেদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক ইঞ্জিনিয়ার এনামুল হক। স্বাগত বক্তব্য দেন মালয়েশিয়া এনসিপির সদস্য সচিব আলম রওশন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ডায়াস্পোরা সেল সম্পাদক আলাউদ্দীন মোহাম্মদ।
প্রধান আলোচক আলাউদ্দীন মোহাম্মদ বলেন, প্রবাসীরা শুধু দেশের অর্থনীতির শক্তি নয়, বরং রাষ্ট্র গঠন ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি কার্যকর রাষ্ট্র কাঠামো গড়ে তোলা সময়ের দাবি। তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমডি রুহুল আমিন সরকার (সিআইপি)সহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন