পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ শুক্রবার (১১ শাবান, ৩০ জানুয়ারি) জুমার নামাজের ইমামতি ও খুতবা প্রদান করবেন বিশ্বখ্যাত দুই ইসলামী স্কলার। সংশ্লিষ্ট মসজিদ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
মসজিদে হারামে আজ জুমার নামাজে ইমামতি করবেন প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ ড. বানদার বালিলাহ। তিনি দীর্ঘদিন ধরে মসজিদে হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
শায়খ ড. বানদার বালিলাহ ১৯৭৫ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ইসলামি ফিকহে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে ২০০৮ সালে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
২০১৩ সালে শায়খ বানদার বালিলাহ আনুষ্ঠানিকভাবে মসজিদে হারামের ইমাম হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি মক্কার বিভিন্ন মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেছেন।
মসজিদে নববি
মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজে ইমামতি ও খুতবা দেবেন শায়খ ড. আবদুল বারি বিন আওয়াদ আস-সুবাইতি। তিনি ১৩৮০ হিজরিতে মক্কায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার শৈশব ও প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়। তার বংশধারা ওতাইবা গোত্রের সঙ্গে সম্পৃক্ত।
শায়খ আবদুল বারি অল্প বয়সেই পবিত্র কোরআন হিফজ করেন। এরপর ১৩৮৯ হিজরিতে শরিয়াহ বিজ্ঞান অধ্যয়নের জন্য আল-আরকাম ইনস্টিটিউটে ভর্তি হন। তিনি ১৪০৪ হিজরিতে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
১৩৯৯ হিজরিতে মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তিনি। ১৪১০ হিজরিতে তারাবিহ নামাজের ইমামতির জন্য তাকে মসজিদে হারামে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেখানে টানা চার বছর দায়িত্ব পালনের পর ১৪১৪ হিজরিতে তাকে মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত করা হয়।
সূত্র: ইনসাইড দ্য হারামাইন

