বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে এসে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তার সঙ্গে আছেন স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দেশের মাটিতে পা রেখেই নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন তারেক রহমান।
পোস্টে তিনি লেখেন, অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!
তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী। জনস্রোতে পরিপূর্ণ হয়ে উঠেছে রাজধানীর কুড়িল-বিশ্বরোডের ৩০০ ফুট সড়ক।

