বিএনপি চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ ইন্ডাস্ট্রির অনেক তারকাই শোক প্রকাশ করেছেন। তাদেরই একজন আলোচিত-সমালোচিত অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে স্মরণ করেছেন অভিনেত্রী শাওন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে খালেদা জিয়ার একটি ছবি পোস্ট করে অভিনেত্রী শাওন লেখেন, ‘নব্বই দশকে বেড়ে ওঠা আমাদের প্রজন্ম আপনাকে মনে রাখবে ভালো-মন্দ নানা কারণে। তবে আমি ১৯৯১ থেকে ১৯৯৬ সালের শাসনামলের সফল প্রধানমন্ত্রী হিসেবে আপনার কথা মনে রাখতে চাই।’
অভিনেত্রী আরও লেখেন, ‘বাংলাদেশের প্রথম নারী সরকার প্রধান বেগম খালেদা জিয়া, আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’
এদিকে অভিনেত্রী শাওনের এই পোস্ট নজর কেড়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকসহ তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মন্তব্যের ঘরে। একই সঙ্গে সাবেক এ প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

