কুষ্টিয়া-৩ আসনের আলোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। সমসাময়িক নানা ইস্যুতে তিনি প্রায়ই নিজের মতামত তুলে ধরেন। এবার ভোররাতে দেওয়া একটি পোস্টে তিনি তার সমর্থকদের উদ্দেশে বিশেষ অনুরোধ জানিয়েছেন, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে দেওয়া ওই পোস্টে তিনি দেশবাসী ও তার সব শ্রেণির সমর্থকদের প্রতি আহ্বান জানান, তাকে নিয়ে যেসব জায়গায় সমালোচনা বা কটূক্তি করা হয়, সেখানে যেন কেউ উত্তেজিত হয়ে খারাপ ভাষায় প্রতিক্রিয়া না জানান। খারাপ কথার জবাবে খারাপ কথা না বলার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ করেন।
পোস্টে তিনি লেখেন, যেখানে তাকে নিয়ে ‘মিডিয়া ট্রায়াল’ চলে বা সমালোচনা করা হয়, সেখানে গিয়ে সমর্থকেরা যেন শালীনতা বজায় রাখেন। কেউ কিছু বলতে চাইলে সুন্দর ও যুক্তিপূর্ণভাবে বলবেন, আর তা সম্ভব না হলে চুপ থেকে বিষয়টি এড়িয়ে যেতে বলেন।
তিনি আরও বলেন, তার পক্ষ নিয়ে কাউকে কটু কথা বলা থেকে বিরত থাকতে হবে। একজন মুমিনের জবান থেকে আরেক মুমিন নিরাপদ থাকবে—এটাই হওয়া উচিত সবার লক্ষ্য। নিজের বিরুদ্ধে কটূক্তির বিষয়ে তিনি উল্লেখ করেন, এসবের জবাব দেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি ব্যক্তিগতভাবে এসব নিয়ে বিচলিত নন। তার বিশ্বাস, শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে।
পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া পড়ে। কয়েক ঘণ্টার মধ্যে এতে ৬০ হাজারের বেশি রিঅ্যাকশন এবং চার হাজারের বেশি মন্তব্য জমা হয়, যা নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়।

