ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আড়ংয়ের ব্যাগ বিতর্ক, যা বললেন ফখরুলকন্যা শামারুহ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৭:২৪ এএম
শামারুহ মির্জা। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে শপিংব্যাগ নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে শামারুহ মির্জা। 

রোববার (১৫ মার্চ) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘পলিটিক্যালি ইনকারেক্ট শোনাবে? কিন্তু আড়ংয়ে হাজার হাজার টাকার শপিং করা যাবে, কিন্তু পনেরো টাকা দিয়ে ব্যাগ কেনা যাবে না?’

যদিও পোস্টে তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এটিকে সাম্প্রতিক আড়ং শোরুমে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরেই করা মন্তব্য বলে মনে করছেন।

সম্প্রতি ব্যারিস্টার রুমিন ফারহানা রাজধানীর উত্তরা জসীম উদ্‌দীন রোডে অবস্থিত আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে শপিংব্যাগ না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন বলে জানা যায়। শনিবার (১৪ মার্চ) রাতে মায়ের জন্য কাপড় কেনার পর তিনি ব্যাগ না পেয়ে শোরুম ত্যাগ করেন।

ঘটনাটির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় আলোচনা–সমালোচনা। এরই মধ্যে শামারুহ মির্জার ফেসবুক পোস্ট নতুন করে বিষয়টি নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে।

তার পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। কেউ কেউ আড়ংয়ের ব্যাগ-সংক্রান্ত বিতর্ক নিয়েও মতামত দিয়েছেন।