ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ছাদখোলা বাসে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহীকে সংবর্ধনা

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৩:৫৯ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহীতে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ছাদখোলা বাসে প্রদক্ষিণ করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমসহ দলীয় ক্রিকেটাররা। এ সময় ক্রিকেটপ্রেমী রাজশাহীর মানুষ তাদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বরণ করে নেন।

বিপিএলে চ্যাম্পিয়ন হওয়া রাজশাহী ওয়ারিয়র্স সোমবার সকালেই শহরে আসে। সকাল সাড়ে ১০টায় ক্রিকেটাররা হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দরে পৌঁছান। আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল ছাদখোলা বাস। ক্রিকেটাররা বিপিএল ট্রফি হাতে বাসে চড়ে আনন্দ উল্লাস শুরু করেন।

পুলিশ স্কটের তত্ত্বাবধানে ছাদখোলা বাস শহরের দিকে যাত্রা শুরু করে। বাসের সামনে ছিলেন রাজশাহী ওয়ারিয়র্সের মালিক নাবিল গ্রুপের শীর্ষ কর্তারা। বিপুল সংখ্যক ক্রিকেটপ্রেমী মোটরসাইকেল নিয়ে বাসটিকে ঘিরে রাখেন।

তাদের হাতে ছিল ‘গর্বের জয়’, ‘বীরের শহর’, ‘জয় এসেছে কাপ উঠেছে’ লেখা প্ল্যাকার্ড। বাসের সামনের অংশে লেখা ছিল, ‘কাপ আইসিছে বাড়িতে’।

ক্রিকেটারদের সঙ্গে বাসটি বিমানবন্দর থেকে রাজশাহী-নওগাঁ মহাসড়ক হয়ে আমচত্বর, বিমানচত্বর, রুয়েট ফ্লাইওভার হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে পৌঁছায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে ক্রিকেটারদের বরণ করে নেন।

অনেকে তাদের শার্ট বা সোয়েটার খুলে ক্রিকেটারদের হাতে দেয়, আর ক্রিকেটাররা তা অটোগ্রাফ দিয়ে ফেরত দেন। মাঝে মাঝে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ট্রফি উঁচু করে ধরেন, তাতে উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা। ক্রিকেটাররা বাসের ওপরেই নাচে এবং জনতার সঙ্গে উচ্ছ্বাস ভাগাভাগি করেন।

বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে বাসটি তালাইমারী-সাহেববাজার হয়ে রাজশাহী কলেজিয়েট স্কুলের সামনে আসে। সেখানে শিক্ষার্থীরা বাসটিকে ঘিরে ধরে ক্রিকেটারদের সংবর্ধনা জানান।

একইভাবে রাজশাহী কলেজের সামনেও উৎসবমুখর পরিবেশ দেখা যায়। পরে বাসটি শহরের লক্ষ্মীপুর ঘুরে দড়িখড়বোনা-রেলগেট-আমচত্বর হয়ে পবায় নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্কে পৌঁছে।

ছাদখোলা বাসে ক্রিকেটাররা শহর প্রদক্ষিণের সময় পথে পথে মানুষ হাত উঁচিয়ে তাদের সংবর্ধনা জানান। অনেকে দূর থেকেই সেলফি তুলে মূহুর্তটি ধরে রাখেন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই যাত্রা সম্পন্ন হয়।