সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। নেপালের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে দলের লড়াকু পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী। বিশেষ করে ম্যাচের ১০ মিনিটে মানিকের করা জয়সূচক গোলকে তিনি দারুণ কৃতিত্ব হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, মাঠের এই অসাধারণ লড়াই পুরো জাতিকে গর্বিত করেছে। বিদেশের মাটিতে বাংলাদেশের তরুণ ফুটবলারদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং জয়ের তীব্র আকাঙ্ক্ষা দেশের ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতেরই ইঙ্গিত বহন করে।
তিনি আশা প্রকাশ করেন, জয়ের এই ধারা অব্যাহত রেখে খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান আরও বৃদ্ধি করবে।
চূড়ান্ত লড়াইকে সামনে রেখে গভীর আত্মবিশ্বাস ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ফুটবলাররা শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে শিরোপা নিয়েই দেশে ফিরবে। ফাইনাল ম্যাচে দলের সাফল্যের জন্য তিনি দেশবাসীর দোয়া ও শুভকামনা কামনা করেন।

