বিশ্ব ফুটবলের দলবদলের বাজারে আবারও বড় চমক! ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়াতে সৌদি আরবের ক্লাব আল-হিলাল ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার প্রস্তাব দিয়েছে।
ফুটবল ট্রান্সফারের প্রতিবেদন অনুযায়ী, এমবাপ্পের জন্য ৩৫০ মিলিয়ন ইউরো (বাংলাদেশের হিসেবে যার পরিমাণ ৪৯০০ কোটিরও বেশি) দিতে রাজি ছিল তারা। সঙ্গে বছরে ৩০০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাবও ছিল। যা হলে তিনি হতেন বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার।
তবে এই প্রস্তাব নিয়ে এক মুহূর্তও চিন্তা করেনি রিয়াল মাদ্রিদ। ক্লাব কর্তৃপক্ষ সরাসরি জানিয়ে দিয়েছে, এমবাপ্পে বিক্রির প্রশ্নই ওঠে না, কোনো দামেই নয়।
রিয়ালের বোর্ড বলেন, এমবাপ্পে শুধু একজন খেলোয়াড় নন—তিনি এই প্রকল্পের কেন্দ্রবিন্দু। তার তারকাখ্যাতি, মাঠের প্রভাব এবং বৈশ্বিক আকর্ষণ অর্থের হিসেবে মাপা যায় না। তাই যত বড় অঙ্কই হোক, এমবাপ্পেকে ছাড়ার কোনো পরিকল্পনা নেই লস ব্লাঙ্কোসদের।
সৌদি লিগের ‘আইকন’ খোঁজ
সৌদি প্রো লিগ এখন এমন একজন জেনারেশনাল আইকন খুঁজছে, যিনি দর্শক ও স্পনসরদের আকর্ষণ করবেন। যদিও ভবিষ্যতে ট্রান্সফারে খরচ কিছুটা কমানোর পরিকল্পনা রয়েছে, তবু এমবাপ্পের মতো তারকাদের টার্গেট করা থেকে সরে আসছে না তারা।
ভিনিসিয়ুস-সালাহও নজরে
এমবাপ্পেকে পাওয়া প্রায় অসম্ভব হলেও সৌদি ক্লাবগুলোর নজরে এখনো আছেন রিয়ালের আরেক তারকা ভিনিসিয়ুস জুনিয়র। আগামী গ্রীষ্মে চুক্তি নবায়নে জটিলতা হলে তাকে আবারও প্রস্তাব দেওয়া হতে পারে।
এদিকে লিভারপুল তারকা মোহাম্মদ সালাহর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। জানুয়ারিতেই তার জন্য সৌদি আরব থেকে বড় প্রস্তাব আসতে পারে।


