আগামী ১৫ জানুয়ারি শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। এই টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়েতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সিরিজটিতে পাকিস্তানের সঙ্গে অংশ নেবে স্বাগতিক জিম্বাবুয়ে ও আফগানিস্তান।
বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ সেমিফাইনালে মাঠে নামার আগের দিনই ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের জন্য যুব দলের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ফারহান ইউসুফ। সিরিজটি অনুষ্ঠিত হবে ২৫ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত। বিশ্বকাপের মতো এ সিরিজও ৫০ ওভারের ফরম্যাটে খেলা হবে।
এশিয়া কাপে অংশ নেওয়া স্কোয়াড থেকে একটি পরিবর্তন এনে দল ঘোষণা করেছে পিসিবি। বাঁহাতি স্পিনার মোহাম্মদ হুজাইফার পরিবর্তে দলে নেওয়া হয়েছে ডানহাতি ফাস্ট বোলার উমর জাইবকে।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড
ফারহান ইউসুফ (অধিনায়ক), উসমান খান (সহ-অধিনায়ক), আবদুল সুবহান, আহমেদ হুসেইন, আলি হাসান বালোচ, আলি রাজা, দানিয়াল আলি খান, হামজা জাহুর (উইকেটকিপার), মমিন কামার, মোহাম্মদ সাইয়াম, মোহাম্মদ শায়ান (উইকেটকিপার), নিকাব শফিক, সামির মিনহাস ও উমর জাইব।
নন-ট্রাভেলিং রিজার্ভ
আবদুল কাদির, ফারহানউল্লাহ, হাসান খান, ইবতিসাম আজহার ও মোহাম্মদ হুজাইফা।


